গোবিন্দগঞ্জে গোপন অভিযানে হ্যাকার চক্রের দুই ‘মাস্টারমাইন্ড’ গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযানে হ্যাকার চক্রের দুই মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিমকার্ড ও প্রযুক্তি ডিভাইসসহ আটক করা হয় এ চক্রের দুই সদস্যকে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেনের নেতৃত্বে ও গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজরের উপস্থিতিতে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে গ্রেফতার করা হয় জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩২) এবং মুনসুর আলীর ছেলে আদম হোসেন (২৮) কে।
অভিযানকালে থানা পুলিশের সদস্যরাও যৌথভাবে অংশগ্রহণ করেন। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত হ্যাকারদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল হ্যাকিং, প্রতারণা ও অবৈধ তথ্য লেনদেনের সঙ্গে জড়িত ছিল।
এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে, এবং প্রযুক্তি-ভিত্তিক অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা আরও প্রমাণিত হলো।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































